তিন নম্বরে সেরা   সাকিব : নেইল ম্যাকেঞ্জি

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৬:০০

ক্যারিয়ারের শুরুর দিকে চার নম্বরে ব্যাট করতেন। তারপর পাঁচ নম্বরে থিতু হয়েছিলেন। ২০১৮ সাল পর্যন্ত মিডল অর্ডারেই ব্যাট করেছেন। কিন্তু নিজে অনুভব করছিলেন, তিন নম্বরটাই তার সেরা জায়গা। সেই উপলব্ধি থেকে একরকম জোর করেই তিন নম্বরে ব্যাটিং শুরু করেন সাকিব আল হাসান। আর ফলাফল দুর্দান্ত। এই দুর্দান্ত পারফরম্যান্স দেখেই সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি বলছেন, তিন নম্বরেই সাকিব সেরা।

 

সাকিবের ক্যারিয়ার গড় ৩৭.৮৬। আর তিন নম্বরে ব্যাট করেছেন ৫৮.৮৫ গড়ে। এই পরিসংখ্যানের পক্ষেই কথা বলেছেন ম্যাকেঞ্জি। তিনি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি মনে করি সাকিব তিন নম্বরে দুর্দান্ত। তার মতো খেলোয়াড়ের সবসময় ইতিবাচক মানসিকতা থাকে। তিন নম্বর একটি বিশেষ জায়গা এবং ব্যাটিং করার জন্যও ভালো। আমি মনে করি সে এই সুযোগটা নিতে চেয়েছিল এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। সে কিছু কারিগরি পরিবর্তন এনেছিল। তার মতো খেলোয়াড়ের পক্ষে এটা খুবই সহজ। কারিগরি সহায়তা না পেলেও অভিজ্ঞতার কারণে সে মানসিকতা এবং সামর্থ্য দিয়ে যে কোনো উপায় খুঁজে বের করে ফেলতে পারে। এই টুর্নামেন্টে সে যেভাবে খেলেছে তার মানসিকতা এবং কারিগরি দক্ষতা ভালো একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এভাবেই সে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার কিছু ইনিংস দুর্দান্ত ছিল।

 

গেল বিশ্বকাপে তিন নম্বরে নেমে আট ম্যাচের আট ইনিংসের মধ্যে সাতটিতেই পঞ্চাশ পেরোনো স্কোর করেছেন সাকিব। তিনি এই বিশ্ব আসরে দুই সেঞ্চুরি পাঁচ ফিফটিতে মোট রান করেছেন ৬০৬ গড় ৮৬.৫৭; স্ট্রাইকরেট ৯৩.০৩ ম্যাকেঞ্জি মনে করেন হাসিম আমলার মতো সাকিবও ভালো বোলারদের বিপক্ষেও ভালো ব্যাটিংয়ের সামর্থ্য রাখেন, ‘আমি মনে করি সে তিন নম্বরের জন্য খুব উপযুক্ত এবং সে ব্যাটিং লাইনআপে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। তিন নম্বরে সে ব্যাটিংয়ের জন্য বেশি সময় পায় এবং ভালো শটস খেলতে পারে। সাকিব বড় মাপের হিটার নয় কিন্তু সে দারুণ টাইমার। সম্ভবত সে স্কিলড হিটার। সে হাসিম আমলার মতো ভালো বোলারদের বিপক্ষেও ভালো ব্যাটিং করতে পারে। সে ভালো বলেও চার মারতে পারে এবং এটা বোলারকে চাপে ফেলে দেয়। সে পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে এবং দলের সেরা ব্যাটসম্যান যদি তিন নম্বরে খেলে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট।

 

 

ইত্তেফাক/ইউবি